জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিমানের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা বর্তমানে দুদকের উপ-পরিচালক মঞ্জুর আহমেদের জেরা অব্যাহত রয়েছে। মামলাটিতে তিনি ১১ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। তিনি তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা হিসেবে মামলাটির আংশিক তদন্ত করেছিলেন। বুধবার মঞ্জুর আহমেদের জবানবন্দি শেষে আংশিক জেরা সম্পন্ন হয়। এরশাদের আইনজীবী শেখ মো. সিরাজুল ইসলাম তাকে জেরা করেন। ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. নূরুল ইসলাম অবশিষ্ট জেরার জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
সাক্ষ্য গ্রহণের সময় মামলার প্রধান আসামি এরশাদ আদালতে উপস্থিত ছিলেন না। ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারা অনুযায়ী আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি নিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন।
মামলার দুই আসামি বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজউদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি একেএম মুসা শুরু থেকেই পলাতক রয়েছেন।
