আজ খালেদা জিয়ার জন্মদিন

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:৩৬
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মবার্ষিকী আজ। তিনি পা রাখবেন ৬৯-এ। খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চন্দনবাড়ির মেয়ে তৈয়বা মজুমদার আর পিতা ফেনীর ফুলগাজির ইস্কান্দার মজুমদার। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল। পরে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। কলেজে পড়ার সময় তত্কালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। জিয়া-খালেদা দম্পতির দুই সন্তান তারেক রহমান পিনু আর আরাফাত রহমান কোকো। প্রতি বছর রাত বারোটা এক মিনিটে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার উপস্থিতিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো কেক কেটে দলীয় নেত্রীর জন্মদিন পালন করে। কিন্তু এবার আর তা হয়নি। জামায়াতের হরতালের কারণেই এমনটি হয়েছে বলে জানা গেছে। হরতালের কারণে বেগম জিয়া গুলশান কার্যালয়ে আসেননি। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, বেগম জিয়ার পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তিনি হরতালে বাসা থেকে বের হন না। তবে আজ সকাল এগারোটায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৬৮ পাউন্ডের কেক কেটে নেত্রীর জন্মদিন উদযাপন করবেন নেতাকর্মীরা। এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, সাদেক হোসেন খোকাসহ শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। রাতে গুলশান কার্যালয়ে চেয়ারপারসনকে শুভেচ্ছা জানানো হবে। তখন কেক কাটা হবে।