ভারতের নৌ বাহিনীর একটি সাবমেরিনে বিস্ফোরণে ১৮ জন নাবিক নিহত হয়েছে। মুম্বাই বন্দরে সিন্ধুরক্ষক নামের এই সাবমেরিনে বিস্ফোরণের পর আটকা পড়া নাবিকেরা মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তিনি বলেন, রাশিয়ার তৈরি আইএনএস সিন্ধুরক্ষক সাবমেরিনের ভেতরে থাকা নাবিকেরা মারা গেছেন। তবে ঠিক কতজন মারা গেছেন বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি। খবর রয়টার্স ও এনডিটিভির।
বুধবার ভোরে উচ্চনিরাপত্তা বেষ্টিত মুম্বাইয়ের সেনা পোতাশ্রয়ে ডিজেল ও বিদ্যুত্ চালিত ভারতের সবচেয়ে আধুনিক ডুবোজাহাজটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এরপর নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার তত্পরতা শুরু করে। আহত কয়েকজন সামরিক সদস্যকে মুম্বাইয়ের নেভি হাসপাতালে পাঠানো হয়। তারা আইএনএস সিন্ধুরক্ষক ডুবোজাহাজের কেউ কিনা তা জানা যায়নি।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, সাবমেরিনে প্রথম বিস্ফোরণের পর আরো দুটি বিস্ফোরণ হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ১৮ জন নাবিকের সবাই মারা যায় বলে নৌ সোনারা জানায়। প্রাথমিক তদন্তে ব্যাটারির শটসার্কিট থেকে বিস্ফোরণ হয় বলে জানানো হয়।
