মিসরে এক মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। মুরসি সমর্থকরা তাকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে দুটি ক্যাম্পে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। গতকাল সেনা অভিযানে তাদের হটিয়ে দেয়া হয়। এতে বহু লোক নিহত হয়। দেশের বিভিন্ন স্থানে মুরসি সমর্থকরা বিক্ষোভ করে। কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গতকালই সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার মিসরে এক মাসের জন্য জরুরি অবস্থা জারি করে। খবর বিবিসির।
রাজধানী কায়রো ও ১১টা প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রতিদিন কারফিউ বলবত্ থাকবে। সরকারি-বেসরকারি ভবনে আক্রমণ ও উগ্রপন্থীদের হাতে প্রাণহানি ও সাবোটাজের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় পৌঁছায় জরুরি অবস্থা জারি করা হয় বলে প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়।
