নোয়াখালীর হাতিয়ার ওছখালীতে গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপির বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন। এ সময় বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন জয়নুল আবেদীন (৩৫), মো. ওহাব (৫০), আবদুর রহিম রতন (৩২), আশরাফ উদ্দিন (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হাতিয়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মো. আলাউদ্দিনের ওছখালীর বাসায় এক কর্মী সভার আয়োজন করা হয়। সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে সেখানে বিলুপ্ত আহ্বায়ক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আসে। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
