হবিগঞ্জে সংঘর্ষে আহত এসআই কাঞ্চনের ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:৪৩
হবিগঞ্জের লাখাইয়ে আধিপত্য বিস্তার ও গোচারণ ভূমির দখল নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত এসআই কাঞ্চন কুমার দেব মারা গেছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। লাখাই থানার ওসি নাজিম উদ্দিন জানান, ওই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আধিপত্য ও গোচারণ ভূমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরুন্নাহার বেগমের সঙ্গে লন্ডন প্রবাসী নাছির উদ্দিনের বিরোধ চলছিল। এনিয়ে ঈদের পরদিন দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধপূর্ণ ভূমির দখল নিতে চাইলে সংঘর্ষ বাধে। এ সময় বুকের ডান পাশে টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এসআই কাঞ্চন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। গতকাল চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।