বাকেরগঞ্জের রাঙ্গাবালী নদী থেকে বুধবার বিকালে মোস্তাফিজুর রহমান রাতুল (৫) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কালেঙ্গা গ্রামের রুহুল আমিন হাওলাদারের পুত্র।
বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, রাতুল তার মায়ের সাথে গত ১২ আগস্ট কাটাদিয়া গ্রামের খেয়াঘাট এলাকায় নানা বাড়ি যায়। রাত ১০টার দিকে অন্য শিশুদের সাথে খেলাধুলা করার এক পর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় জিডি করেছিলেন তার মা। তিনদিন পর বুধবার বিকালে রাঙ্গাবালী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরে বাংলা হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা, রাতুলকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়।
