হাজীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষ কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের আল-কাউছার স্কুলের সামনে বোতল ও ইট ভেঙ্গে অবরোধ সৃষ্টি করে। এক পর্যায়ে তারা সড়কের উপর টাওয়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভাধীন পশ্চিম বাজারস্থ মডেল টাউন এলাকায় উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহ্বায়ক এবায়েদুর রহমান ওরফে খোকন বলি কয়েকজন সঙ্গী নিয়ে গত বুধবার সন্ধ্যায় মডেল টাউনের ভিতরে প্রবেশ করলে দারোয়ান আজাদ বাধা দিলে বাক-বিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে মডেল টাউনের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী বিল্লাল হোসেনের সাথে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ বোতল, ইট ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা হলেন, ছাত্রলীগ নেতা ফিরোজ, তুহিন, সুমন, নাছির গাজী, শরীফ গাজী ও আজাদ।
