গাংনীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত ৩০

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:২৪
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে গাংনীর তেঁতুলবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এক সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’ঘন্টা ব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা চলাকালে উভয় পক্ষ ১৪ টি বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় ৩টি বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নাশকতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, দির্ঘদিন যাবত্ তেঁতুলবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের হান্নান ও শফিউল আলম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সমপ্রতি পাট জাগ দেয়া নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার রাতে গ্রামের ছুরফান আলীর একটি টিউবওয়েলের মাথা চুরি হয়। বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগ সমর্থক হান্নান ও তার লোকজন আওয়ামী লীগের শফিউল আলম গ্রুপের লোকজনকে দায়ী করে। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।