জীবনের গতি একটু সচল করতে প্রায় আড়াই কিলোমিটার রাস্তার জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৫ বছর। সিংড়া পৌরসভা হতে পাঁচ কিলোমিটার অদূরে বড়িয়া গ্রাম লোকসংখ্যা প্রায় ১০ হাজার। অনেক জনপ্রতিনিধির আশ্বাসের বাণী শুনতে হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এই গ্রামে। বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে ফসলের জমি পেরিয়ে আসতে হয়েছে উপজেলা সদরে। গ্রামবাসীর জমি দানে তৈরি হয়েছে রাস্তাটি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হাসি ফুটেছে বড়িয়া গ্রামবাসীর মুখে। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ৯৫ মেট্রিক টন খাদ্যশস্য ব্যয়ে আড়াই কি.মি. সড়কটি নির্মাণ হওয়ায় হাসি ফুটে উঠেছে এ অঞ্চলের মানুষের মুখে। সরেজমিনে দেখা যায় অনেক বড় বড় গর্ত আর দীর্ঘদিনের ভাঙ্গা রাস্তাটি নির্মাণের পর ফিরে পেয়েছে তারা নতুন যৌবন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কামরুল আহসান বলেন, এই প্রকল্পটি নির্মাণে স্থায়িত্বের বিষয়ে অতিরিক্ত সতর্কতা বিবেচনা করা হয়েছে এবং ডিজাইন ও স্পেসিফিকেশন ১০০% নিশ্চিত করা হয়েছে।
