পলাশবাড়িতে ব্লগার তন্ময়ের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩২
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ব্ল¬গার তন্ময় আহম্মেদ মুনের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তন্ময়ের মা ফারজানা বেগম লিজা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার জেলার পলাশবাড়ি থানায় এই মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পলাশবাড়ি থানার এস আই হাসান বলেন, মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করা যাবে না। তন্ময়ের মা ফারজানা বেগম লিজা বলেন, ব্লগে লেখা ও গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় শিবির ক্যাডাররাই আমার ছেলে তন্ময়ের ওপর হামলা করেছে। উল্লেখ্য, পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে তন্ময় ঈদের ছুটিতে বাড়ি এসে গত ১০ আগস্ট পলাশবাড়ি সরকারি কলেজ মোড় এলাকায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩টি মোটর সাইকেলে ৯ জন অজ্ঞাত মুখোশধারী এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন।