ঠিকানা না জানায় সীতাকুণ্ডের স্কুল ছাত্র জসীম আটকে আছে সাতকানিয়ায়

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩৪
পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারায় সীতাকুণ্ডের স্কুল ছাত্র জসিম আটকে পড়েছে সাতকানিয়ার বাজালিয়ায়। চট্টগ্রামের সাতকানিয়ার ১৩নং বাজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাঁশি কুমার দাশ শিশু জসীমকে নিজের বাড়িতে রাখলেও পূর্ণাঙ্গ পরিচয় না জানার কারণে অভিভাবকের হাতে তুলে দিতে পারছেন না। তিনি জানান, গত বুধবার জসীম নামের আট/নয় বছরের শিশুটিকে রাস্তার পাশে কাঁদতে দেখে কয়েক আত্মীয় তার কাছে নিয়ে আসেন। বাড়ি এনে প্রশ্ন করলে সে জানায় তার নাম জসীম। তার বাবা নুর মোহাম্মদ ও মা ফাতেমা বেগম। সীতাকুণ্ড উপজেলার রেল লাইন সংলগ্ন কোন এক জায়গায় তাদের দোতলা বাড়ি আছে ( স্থান নির্দিষ্ট করতে পারেনি )। তারা দুই ভাই ও দুই বোন। বাড়ির ঠিকানা নির্দিষ্টভাবে বলতে না পারলেও জসিম ভাই বোন ও পরিবার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। সে বলেছে, তার বড় বোন রুমানা দশম শ্রেণীতে পড়ে এবং ছোট ভাই সাহাব উদ্দিন পড়ে ক্লাস ওয়ানে। সে পড়ে ক্লাস থ্রিতে। প্রতিদিন সিএনজি টেক্সিযোগে তাদেরকে স্কুলে নিয়ে যায় ড্রাইভার রমজান। কিন্তু বুধবার তাকে তার প্রতিবেশী মমতাজ উদ্দিনের পুত্র ওসমান নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে সাতকানিয়ায় নিয়ে যায়। পরে সে কান্না শুরু করলে তাকে ফেলে পালিয়ে যায়। জসীম যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে সে স্কুলের প্রধান শিক্ষিকার নাম দেলোয়ারা বেগম বলে জানায় সে। তার বাবার একটি ফোন নম্বরও (০১৭৪১-৪০৭৩৪০) দিয়েছিল সে। কিন্তু সেটি বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। জসীমকে কেউ শনাক্ত করতে পারলে বাজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাঁশি কুমার দাশ (০১৮১৫-০৯৯৬১২) অথবা সাংবাদিক সৌমিত্র চক্রবর্তীর (০১৮১৯-৬১৭৫৭০) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।