কাউখালী থেকে কর্মস্থলে ফিরতে পারছে না যাত্রীরা

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৫৩
ঈদের দীর্ঘ ছুটি শেষে কাউখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে গতকাল কাউখালী ঘাটে স্টীমার ও লঞ্চে ২ শতাধিক যাত্রী উঠতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। লঞ্চে, বাসে এখন যাত্রীদের উপচেপড়া ভিড়। দীর্ঘসময় অপেক্ষা করেও টিকিট মিলছে না। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবার-পরিজন সঙ্গে নিয়ে আসা যাত্রীদের। এদিকে অতিরিক্ত যাত্রী থাকার কারণে পরিবহন মালিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে দু’তিন গুণ বেশি ভাড়া। এক্ষেত্রে সরকারিভাবে বেঁধে দেয়া নিয়মনীতির তোয়াক্কা করছে না তারা। গতকাল দেখা গেছে, হুলারহাট ও ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা আঁচল-২, টিপু-১, আঁচল-৬, রনদূত প্লাস, অগ্রদূত প্লাস, পূবালী লঞ্চে তিলধারণের জায়গা নেই। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, অতিরিক্ত যাত্রীবোঝাই ঠেকাতে তারা বেশিরভাগ লঞ্চকে নির্ধারিত সময়ের আগেই পন্টুন ত্যাগ করতে বাধ্য করেন। এদিকে সরকারি (বিআইডব্লিউটিসি) স্টিমার পিএস টার্ন বৃহস্পতিবার অতিরিক্ত যাত্রী থাকায় কাউখালীতে ঘাট না দিয়ে চলে যায় বলে জানা গেছে।