রাজারহাটে বিয়ের দাওয়াত শেষে বাড়িতে ফেরার পথে কনে পক্ষের গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ লুটে নিয়েছে। হামলায় মহিলাসহ ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় কনের পিতা নূর মোহাম্মদ বাদী হয়ে রাজারহাট থানায় আব্দুল হাকিম কসাই নামে একজনকে প্রধান আসামি করে অজ্ঞাত ১৫-২০ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, লালমনিরহাট জেলার গোকুন্ডা ইউপি’র মোস্তফি ভূরিখোয়া গ্রামের নূর মোহাম্মদের কন্যা কুলসুম খাতুনের (১৯) সঙ্গে রাজারহাট উপজেলাধীন বৈদ্যের বাজারের আশ্চার্য গ্রামের মোস্তফা ব্যাপারীর পুত্র রফিকুল ইসলামের (২৪) গত ১০ আগস্ট বিয়ে সম্পন্ন হয়। গত ১২ আগস্ট নূর মোহাম্মদ তার আত্মীয়-স্বজনদের নিয়ে জামাতা রফিকুল ইসলামের বাড়িতে দাওয়াত গ্রহণ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এ সময় জামাতার বাড়ির পাশে তার অপর মেয়ে মোছাঃ মরিয়ম খাতুনকে সন্ত্রাসীরা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে কনে পক্ষের লোকজন বাধা দিলে আব্দুল হাকিম কসাইয়ের নেতৃত্বে ১৫-২০ জনের সশস্ত্র সন্ত্রাসী দল তাদের উপর হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোনসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। সন্ত্রাসীদের বেধড়ক মারধরে মহিলাসহ ৭ জন গুরুতর আহত হয়। তাদের পরে লালমনিরহাট ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস,আই কফিল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তশেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
