তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলার সদর উপজেলার কৃঞ্চারামপুর গ্রামে মঙ্গলবার রাতে একদল সন্ত্রাসী ৩টি বাড়িতে হামলা চালিয়ে ৭/৮টি বসতঘরে ব্যাপক ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীদের ভয়ে বাড়ির লোকজন অন্যত্র পালিয়ে যায়।
হামলার শিকার বাড়ির মালিকরা অভিযোগ করেন, ঘটনার দিন বিকালে একই গ্রামের নুর আলম মাস্টারের ছেলে শুভ ও তার কয়েক সহপাঠী মিলে গ্রামের কালা মিয়া বেপারি বাড়ির নিজাম উদ্দিনদের নতুন বাড়ির বাগানের গাছ থেকে জাম্বুরা পাড়তে শুরু করে। এসময় নিজাম বাধা দেন। তারা বাধা পেয়ে স্থান ত্যাগ করে। পরে রাতে শুভ তার বন্ধু রবিন ও বেলালসহ আরো ২০/২৫ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে নিজাম উদ্দিন ও তাদের নতুন বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ঐ বাড়ির আমির হোসেন, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, সুজনের ঘর এবং পার্শ্ববর্তী আতরের জামান বেপারি বাড়ির বসতঘরের বেড়া কুপিয়ে ও দরজা জানালা ভাংচুর করে এবং গাছপালার ক্ষতিসাধন করে। এসময় সন্ত্রাসীরা নিজাম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করলে তিনি দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন।
