দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি, জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৬০টি সংরক্ষিত আসনসহ সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আগামী ২৮ আগস্টের মধ্যে দাবি না মানলে ৩০ আগস্ট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হিন্দু মহাজোট নেতৃবৃন্দ এ সব দাবি করেন। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংবিধানে সকল ধর্মের মানুষের সমান সুযোগ সুবিধার বিধান থাকা সত্ত্বেও এ দেশের হিন্দু সম্প্রদায় সে সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, প্রতিটি জাতীয় নির্বাচনই হিন্দু সম্প্রদায়ের কাছে বড় ধরনের আতঙ্ক হয়ে ফিরে আসে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হিন্দু সম্প্রদায় এখনই শঙ্কিত। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত থাকলেও হিন্দু নির্যাতন নিয়ে সরকারি কিংবা বিরোধী দলের কেউ সংসদে এ নিয়ে আলোচনা করেননি। এদেশের সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশ কান্তি দে, মনোরঞ্জন দাস, দিনবন্ধু রায়, অরুণ মজুমদার, শশাঙ্ক রায়, রিপন দে, সুমন রায় প্রমুখ।
