টাক চিকিত্সার ওষুধে প্রস্টেট ক্যান্সার হ্রাস

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২১:২৪
টাক মাথায় চুল গজানো ওষুধ ফিনাসটেরাইড। এই ওষুধটি বহুল পরিচিত প্রপেসিয়া নামে। আর এই ফিনাসটেরাইড পুরুষদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। যদিও যুক্তরাষ্ট্রের এফডিএ এখনও এই ওষুধটি প্রস্টেট ক্যান্সার চিকিত্সা বা এনলারজড প্রস্টেটের চিকিত্সায় ওষুধটির অনুমোদন দেয়নি। এফডিএ শুধুমাত্র টাক মাথায় চুল গজানোর চিকিত্সার ক্ষেত্রে ওষুধটি অনুমোদন দিয়েছে। মেল প্যাটার্ন বল্ডনেস বা হরমোনজনিত সমস্যার কারণে পুরুষের মাথার টাক সমস্যায় ওষুধটি বহুল ব্যবহূত হয়। গবেষকগণ ১৮ হাজার পুরুষের ওপর গবেষণা করেছেন যাদের প্রস্টেট সমস্যা ছিল। এতে দেখা যায় শতকরা ৩০ ভাগ ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস পেয়েছে। এ ব্যাপারে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন ফিনাসটেরাইড ওষুধের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাসের গবেষণা রিপোর্ট নিয়ে খানিকটা বিতর্কে অংশ নেয়। জার্নালটি উল্লেখ করেছে অন্য গবেষণায় দেখা যায় ফিনাসটেরাইড ব্যবহারকারীদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাসে উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি। তবে গবেষকগণ বলছেন, এনলারজড প্রস্টেট চিকিত্সায় ওষুধটির ব্যবহারে তেমন কোন ঝুঁকি নেই। স্ট্যাডি অথার মনে করেন ফিনাসটেরাইড ওষুধটি সেবনের ফলে বছরে অন্তত: ৭০ হাজার পুরুষ প্রস্টেট ক্যান্সার নিরূপণ ও চিকিত্সাজনিত শারীরিক ও মানসিক সমস্যা থেকে রক্ষা পাবে। বিশেষজ্ঞগণ এটাও বলেছেন, এগ্রেসিভ প্রস্টেট ক্যান্সার বা শেষ স্তরে রয়েছে এমন প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ওষুধটি তেমন কোন কাজে আসবে না। তবে লো-গ্রেড প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেবে। এব্যাপারে টেক্সাস বিশ্ববিদ্যালয় হেলথ সায়েন্স-এর ক্যান্সার থেরাপি এন্ড রিসার্স সেন্টারের পরিচালক এবং গবেষণার প্রধান অথার ড: আয়ান থমসন উল্লেখ করেছেন, লো-গ্রেড প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে বেশিরভাগ পুরুষ অপ্রয়োজনীয় চিকিত্সার শিকার হন এবং অনেক ক্ষেত্রে তাদের শারীরিক অক্ষমতা তৈরি হয়। তাই ফিনাসটেরাইড এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। এব্যাপারে নিউইয়র্কের বিখ্যাত মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার সেন্টারের প্রস্টেট ক্যান্সার বিভাগের প্রধান ড:পিটার স্কারডিনো মনে করেন নতুন গবেষণার কারণে চিকিত্সকগণ প্রস্টেট ক্যান্সার চিকিত্সায় ফিনাসটেরাইড প্রেসক্রিপশন দেবেন তা তিনি মনে করেন না। তবে এই গবেষণাটি প্রস্টেট ক্যান্সার প্রতিরোধ গবেষণার ক্ষেত্রে সহায়ক হবে নিঃসন্দেহে। লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ