যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের হঠাৎ পদত্যাগ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২৩:১২

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বড় একটি চমক সৃষ্টি করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। যশোরের যেকোনো একটি সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়ন পাচ্ছেন নাকি ক্ষোভ থেকে তিনি স্থানীয় সরকারের পদ থেকে সরে দাঁড়ালেন তা স্পষ্ট নয়।

মঙ্গলবার যশোর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার আবেদন পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিসি।

জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বলেন, সোমবার সন্ধ্যার পর একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে শাহীন চাকলাদারের অব্যাহতির আবেদন পাই। আবেদনপত্রটি মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শাহীন চাকলাদারের অনুসারী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, শাহীন ভাই ২০০৮ সালে দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন, পাননি। ২০১৪ সালেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেই সময় নেত্রী বলেছিলেন তুমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করো। এতেও তিনি মনোনয়ন বঞ্চিত হন। এবারও মনোনয়ন দাবি করেছিলেন, কিন্তু উপজেলা চেয়ারম্যান হওয়ায় মনোনয়ন পাননি।

শাহারুল ইসলামের দাবি, উপজেলা চেয়ারম্যান থাকায় দলীয় মনোনয়ন না পাওয়ায়  শাহীন চাকলাদার পদত্যাগ করেছেন। অন্যকোনো কারণ নেই।

যশোরের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র আগেই দেওয়া হয়েছে। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষদিন। শেষ মুর্হূতে মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের এই ‘পদত্যাগের’ ঘটনায় নাটকীয়তা সৃষ্টি হয়েছে। গুঞ্জন রয়েছে, দলীয় হাইকমান্ডের গ্রিনসিগন্যালে তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন। শেষ মুর্হূতে যশোরের যেকোনো একটি আসনে তাকে প্রার্থী করা হতে পারে। আওয়ামী লীগের রাজনীতিতে এটি সবচেয়ে বড় চমক। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহীন চাকলাদারের পদত্যাগের গুঞ্জন। শেষপর্যন্ত কার কপাল পুড়বে সেটি দেখার অপেক্ষায় যশোরবাসী।

দলীয় মনোনয়ন পাচ্ছেন, এজন্য নাকি অন্য কারণে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন সেটা অবশ্য পরিষ্কার নয়।

এ বিষয়ে জানতে শাহীন চাকলাদারের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে ব্যস্ত পাওয়া যায়। তার বক্তব্য পাওয়া যায়নি। শাহীন চাকলাদারের অনুসারী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু বলেন, পদত্যাগের কোনো খবর আমার জানা নেই।

ইত্তেফাক/আরকেজি