গৈলায় বিজয় গুপ্তের মনসা মন্দির উদ্বোধন

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:১৮
মনসা মঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা মধ্যযুগের মহাকবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে প্রায় সাড়ে পাঁচশ’ বছরের পুরনো মনসা মন্দির নবরূপে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত মনসা দেবীর মন্দিরটি গতকাল শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কবি বিজয় গুপ্তের স্মৃতি রক্ষা ও মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক অজয় দাস গুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবু আলম মো. শহীদ খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব রনজিত্ কুমার বিশ্বাস, অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম। বক্তব্য রাখেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান সেবায়েত শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী, ওড়াকান্দি মতুয়া প্রধান শ্রী পদ্মনাভ ঠাকুর, কদমবাড়ি আশ্রমের শ্রী অতুলানন্দ আশ্চর্য, রামকৃষ্ণ মিশনের শ্রী মিন্টু মহারাজ প্রমুখ। এ ছাড়া ৩ দিনব্যাপী মেলা ও রয়ানী গানের আয়োজন করা হয়েছে। আজ (শনিবার) থেকে মনসা মন্দিরে বাত্সরিক পূজা অনুষ্ঠিত হবে। বাত্সরিক পূজা উপলক্ষে ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ মনসা মন্দিরে আসতে শুরু করেছেন। জানা গেছে, ২০০৪ সালের ২৫ ডিসেম্বর একটন ওজনের পিতলের মনসা দেবীর মূর্তিটি মন্দিরে স্থাপন করা হয়েছে।