বরিশালে ঈদের ছুটিতে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণবরিশাল অফিস

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২০
ঈদের ছুটিতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকার প্রায় দু’ কোটি টাকার সম্পত্তি দখল করে স্থাপনা তৈরী করে ফেলেছে একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র। চকবাজার এলাকার সরকারি ঐ জমিতে রমজান মাসে বিএনপি দলীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ভবন নির্মাণ শুরু করলে জেলা প্রশাসন তা সিলগালা করে দেয়। একই সাথে কোন স্থাপনা নির্মাণ না করার জন্য নির্দেশ দেয় জেলা প্রশাসন। ঐ নির্দেশ উপেক্ষা করে শবে কদরের দিন সরকারি বন্ধ থাকায় ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু করেন ঐ সাবেক কাউন্সিলর। চক বাজার ও কাঠপট্টি রোডের মুখে মূল্যবান ঐ জমির সামনে চট টানিয়ে দিয়ে গোপনে দিন-রাত প্রায় অর্ধশত শ্রমিক নিয়ে ভবন নির্মাণ করা হয় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। তারা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে জানান, বিষয়টি জেলা প্রশাসনের কর্মকর্তাদের জানিয়ে কোন লাভ হয়নি। প্রশাসনের নিম্ন পর্যায়ের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীকে ম্যানেজ করেই রাতারাতি ভবন নির্মাণ করা হয়েছে। ঈদের বন্ধের মাঝে সে ভবন এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যদিও ভবনের সামনের দিকে এখনো চটের বেড়া দিয়ে ঢাকা রয়েছে। জেলা প্রশাসনের সিলগালা করা স্থানটিও চটের বেড়ার ভিতরে আটকে দেয়া হয়েছে। ফলে বাইর থেকে দেখে বোঝার উপায় নেই। এ ব্যাপারে জেলা প্রশাসক শহীদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ইত্তেফাককে জানান- সিল গালা করে দেয়ার পর ঐ জমি অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কাউকে লিজ দিয়েছেন কি না তা তার জানা নেই। তবে রবিবার অফিস খুললে তিনি বিস্তারিত জেনে বলতে পারবেন।