দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেফতার হয়েছেন দিনাজপুর জিলা স্কুলের বাংলা বিভাগের সহকারী শিক্ষক তসলিম উদ্দীন (৪৩)। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ছাত্রীটির চাচা বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু। মামলায় তিনি অভিযোগ করেছেন, তার ভাতিজী গত ১৪ আগস্ট বিকেলে ঈদের সালামী নেয়ার জন্য তার প্রাইভেট শিক্ষক তসলিম উদ্দীনের বাড়িতে যায়। শিক্ষক তসলিম তাকে সালামী হিসেবে ১০০ টাকা দেন। এ সময় বাদীর ভাতিজী শিক্ষক তসলিম উদ্দীনের পায়ে সালাম করে উঠার সময় ওই শিক্ষক তার গায়ের স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং চুমু খান। উপস্থিত অন্য শিক্ষার্থীরা ঘটনাটি দেখতে পেয়ে তা প্রকাশ করে দেয়।
