বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামীতে দেশে যদি কোনো নির্বাচন হতে হয়, তবে সে নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। আগামী জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রস্তাব আনারও আহ্বান জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আদিলুর রহমান খানের নি:শর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে দেশে শান্তি ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তাই গায়ের জোরে দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন দিতে চাচ্ছে। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, নির্বাচন বানচাল করে ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র থেকে বেরিয়ে সোজা পথে আসুন।
মোশাররফ বলেন, সরকার যদি বিচার বিভাগীয় কমিটি করে তদন্ত করত তবে হেফাজত নিয়ে অধিকারের তথ্য প্রকাশের কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন, বাকশালের চিন্তার সঙ্গে নাসিমের বক্তব্যের কোনো পার্থক্য নেই। এখন বলা হচ্ছে নির্বাচন না হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন আর বাকশাল কায়েমের সময় বলা হলেছিল শেখ মুজিবুর রহমান আজীবন ক্ষমতায় থাকবেন।
সংগঠনের সভাপতি ডা. একে এম আজিজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ডা. এজেডএম জাহিদ হোসেন, সাবেক বিচারপতি আব্দুর রউফ, যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পিএসসির সাবেক চেয়ারম্যান জিন্নাতুন্নিসা তাহমিদা প্রমুখ।
