পশু চিকিত্সকের মানব চিকিত্সা!

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২৩:০৪
মনুষ্য চিকিত্সকের কাছে অপারেশন করলে অনেক সময় পেটের ভেতর ব্যান্ডেজ থেকে যায়। আবার কারো কারো চোখ অপারেশন করতে গিয়ে চোখটাকেই চিরদিনের জন্য হারাতে হয়। কিন্তু কোনো পশু চিকিত্সক যদি মানুষের চিকিত্সা করেন তাহলে অবস্থা যে আরো বেগতিকহবে সেটাই যেন স্বাভাবিক। আর এটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোর গ্রিলিতে। খবর রয়টার্সের। ফ্রান্সিস ফ্রিমেয়ার নামে এক ব্যক্তি পেশায় পশুচিকিত্সক। তার মানুষের চিকিত্সার কোনো লাইসেন্সও নেই। কিন্তু তারপরও তিনি অবৈধভাবে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মানব চিকিত্সা করেন। পুলিশ জানিয়েছে, সম্প্রতি এক মহিলা তাদের কাছে ফোনে অভিযোগ করেন, ফ্রিমেয়ারের কাছে তিনি পায়ের আঙ্গুলে ব্যথার চিকিত্সা করিয়েছেন। কিন্তু পরে তার তিনটি পায়ের আঙ্গুলই কেটে ফেলতে হয়েছে। তবে ফ্রিমেয়ার জানিয়েছেন, তিনি কোনো মানুষের চিকিত্সা করেননি। তিনি এক মহিলার কুকুরের চিকিত্সা করেছেন। পুুলিশ সার্জেন্ট সুসান ওয়েস্ট জানিয়েছেন, তারা ওই পশুচিকিত্সকের বিরুদ্ধে তদন্ত করছেন। তিনি এর আগেও অবৈধভাবে মানুষের চিকিত্সা করেছেন এবং জরিমানা দিয়েছেন। এবারও সেটি হলে তাকে জরিমানা গুণতে হবে।