অ জে য় চৌ ধু রী
অবশেষে চলচ্চিত্র নির্মাণের স্বপ্নপূরণ হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ও নাট্যনির্দেশক মীর সাব্বিরের। তাঁর এই স্বপ্নপূরণে এগিয়ে এসেছে বাংলাদেশ সরকার। সম্প্রতি তথ্যমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশ সরকারের ২০১৮-২০১৯ অর্থ অনুদানে একটি সিনেমা নির্মাণের সুযোগ পেলেন মীর সাব্বির। সরকারি অনুদানে আগামী আগস্ট থেকে মীর সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন তাঁর স্বপ্নের সিনেমা ‘রাত জাগা ফুল’। ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করেছেন মীর সাব্বির নিজেই। এ প্রসঙ্গে তিনি জানান, বিগত প্রায় পাঁচ বছর যাবত এই সিনেমার গল্প নিয়ে ভেবেছেন। অবশেষে সেই গল্প তাঁরই হাতে সিনেমায় রূপান্তরিত হচ্ছে। মীর সাব্বির নিজের সমসাময়িক অনেক জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রথম সরকারি অনুদানে সিনেমা নির্মাণের সুযোগ পেলেন। তাই এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ও আনন্দিত তিনি। আনন্দের এই অনুভূতিটা মীর সাব্বির প্রকাশ করলেন এভাবে, ‘মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার বাবা-মায়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমার স্ত্রী চুমকি, আমার পরিবার সবসময়ই আমার পাশে থেকে আমার প্রতিটি কাজে উত্সাহ দিয়েছে বলেই আমি নির্দ্বিধায়, রিল্যাক্স মুডে কাজ করে যেতে পেরেছি। আমি কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের কাছে, তথ্যমন্ত্রণালয়ের কাছে, সরকারি অনুদানে আমার মনের মতো একটি সিনেমা নির্মাণের সুযোগ করে দেওয়ার জন্য। সত্যিই এটা আমার অনেক বড় সৌভাগ্য যে, আমার নির্মিত প্রথম সিনেমাই হতে যাচ্ছে সরকারি অনুদানে। আমি আমার ভালোবাসার ভক্ত-দর্শক ও বাংলা ভাষাভাষী সিনেমাপ্রেমী দর্শকের জন্য ‘রাত জাগা ফুল’ যথাযথভাবে নির্মাণ করে তুলে দিতে চাই। আমার বিশ্বাস এই সিনেমা নির্মাণে আমি প্রত্যেকের সহযোগিতা পাব।’ চলচ্চিত্রে কারা অভিনয় করবেন সে ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ছবির গল্পের শুরুটা যে ‘রইস’কে নিয়ে শুরু হয়, সেই চরিত্রে তিনি অভিনয় করবেন। এই রইস পশু-পাখির ভাষা বুঝতে পারে। যে গ্রামে রইস থাকে, সেই গ্রামে সবার অলক্ষ্যে একদিন একটি খুন হয়। সেই খুন সম্পর্কে পশুর মাধ্যমেই রইস জেনে যায়। এভাবেই এগিয়ে যায় গল্প। মীর সাব্বির অভিনীত প্রথম নাটক ছিল বিটিভিতে প্রচারিত ‘পুত্র’। ২০০২ সালে অনন্ত হীরা পরিচালিত ‘বিষ কাঁটা’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এখন পর্যন্ত মীর সাব্বির ৬০টিরও বেশি খণ্ড নাটক টেলিফিল্ম এবং তিনটি ধারাবাহিক নাটক ‘মকবুল’, ‘নোয়াশাল’, ‘মালেক হতে সাবধান’ নির্মাণ করেছেন। মীর সাব্বির চন্দন রায় চৌধুরীর নির্দেশনায় ‘কী জাদু করিলা’ সিনেমায় অভিনয় করেছিলেন পপির বিপরীতে।
