প্রয়োজনীয় সংস্কার এবং তদারকির অভাবে চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ তৈরীর কারখানা কর্ণফুলী পেপার মিল খুব অবহেলিত হয়ে পড়েছে। চরম অবহেলা আর অব্যবস্থাপনায় মিলটি এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। লোকসানের সম্মুখীন হচ্ছে ক্রমাগত। গত তিন বছরে এ প্রতিষ্ঠানটি লোকসান দিয়েছে, ৮৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা।
দীর্ঘদিন অব্যাহত উত্পাদনে থাকায় মিলের অনেক প্ল্যান্টের যন্ত্রপাতি ক্ষয়প্রাপ্তসহ মূল কারখানার অবকাঠামো হয়ে পড়েছে জরাজীর্ণ। শেষ হয়ে যায় ইউনিট সমুহের আয়ুস্কাল। এতে হ্রাস পেয়েছে বাত্সরিক উত্পাদন ক্ষমতা। ত্রুটিজনিত কারণে আধুনিকায়ন প্রকল্পের আওতায় শতকোটি টাকায় নির্মিত ব্লিচিং টাওয়ার প্রয়োজনীয় ব্যবহার হচ্ছে না। ১শ’ মেট্রিক টনেরও বেশী ক্ষমতার ক্ষেত্রে প্রতিদিন উত্পাদন হচ্ছে ৩০/৪০ টন। মিলে কর্মরত শ্রমিক কর্মচারীদের অনেকে অভিযোগ করেন, কর্মকর্তা ও কর্মচারীদের সিন্ডিকেট কারিগরি ত্রুটি ও নানা অজুহাতে দুর্নীতির আশ্রয়ে মিলের অর্থ আত্মসাত করছে। কাঁচামাল সংগ্রহে চাঁদাবাজি, বিভিন্ন কেমিক্যালস ও খুচরা যন্ত্রপাতি ক্রয়ে ম্যানেজমেন্ট ও সিবিএ নেতৃবৃন্দের যোগসাজশে কারখানার সর্বক্ষেত্রে চলছে হরিলুট। মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, অনেক আগে সংস্কারের প্রয়োজন থাকলেও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দের অভাবে হয়নি। কারখানাটির অনেক ক্ষেত্রে যন্ত্রপাতির আয়ুস্কাল শেষ ও অবকাঠামোর জরাজীর্ণতায় উত্পাদনের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় এবং সময় ক্ষেপণ হচ্ছে।
