কুষ্টিয়া ভেড়ামারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শাওন (৩৭) ও আকাশ (৩৫) নামের দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় জুয়েল (৩৮) নামের একজন আহত হয়েছে। গতকাল শনিবার ভেড়ামারা-ঈশ্বরদী মহাসড়কের দশমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
শাওন, আকাশ ও জুয়েল একটি মোটর সাইকেলযোগে কুষ্টিয়া থেকে ভেড়ামারা যাওয়ার পথে দশমাইলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনের দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে হাসপাতালে আসার পথে আকাশ মারা যায়। এর আধঘন্টা পর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শাওন মারা যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিত্সক শহিদুল আজম জানান, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আকাশ ও শাওনের মৃত্যু হয়েছে এবং আহত জুয়েলের অবস্থা আশংকাজনক। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ সৈয়দ রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি। নিহত আকাশ ও শাওন কুষ্টিয়া মিরপুর উপজেলার নওদা গোপালপুর গ্রামের শাকিল আহমেদ ও আলী মোহাম্মদের পুত্র। আহত জুয়েল একই এলাকার জহুরুল হকের পুত্র।
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চান্দিনার ছয়ঘড়িয়ায় একজন ও দাউদকান্দির ইলিয়টগঞ্জে অপর একজন নিহত হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ মারুফ হোসেন জানান, ছয়ঘরিয়া এলাকায় মাদ্রাসার ছাত্র ফারুক হোসেনকে (১১) দ্রুতগামী একটি বাস চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তার বাড়ি চান্দিনার উপজেলা ছয়ঘরিয়া গ্রামে। অপরদিকে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির পূর্ব পার্শ্বে কুমিল্লাগ্রামী উপকূল পরিবহনের একটি বাস একটি মোটর সাইকেলকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী জুয়েল রানা (৩৪) ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি ঢাকা জেলার কামরাঙ্গীরচরে। লাশ ও গাড়ি পুলিশ হেফাজতে।
