ধামইরহাটে ১০ দিনেই ভেঙ্গে পড়ল নতুন ড্রেন

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০১
নওগাঁ ধামইরহাটে নবনির্মিত স্মৃতিসৌধের পাশে নির্মাণাধীন ড্রেন ভেঙ্গে পড়েছে। টেকনিক্যাল ত্রুটি ও ভুল সিদ্ধান্তের কারণে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট ঠিকাদার জানিয়েছেন। স্বাধীনতার ৪২ বছর পর ধামইরহাট উপজেলা পরিষদের জায়গায় সাবেক কোর্ট চত্বরে একটি স্মৃতিসৌধ ও তার দু’পাশে ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। বিভিন্ন প্রকল্প থেকে অর্থ এনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজাহার আলীকে এসব স্থাপনা নির্মাণের দায়িত্ব প্রদান করা হয়। ইতোমধ্যে স্মৃতিসৌধের মূল কাজ সম্পন্ন হয়েছে। ঈদের আগে স্মৃতিসৌধের দু’পাশে ড্রেনের নির্মাণ কাজ শেষ করা হয়। গতকাল শনিবার বিকট শব্দে প্রায় ৫০-৬০ ফুট ড্রেনের একাংশ ভেঙ্গে পড়ে। নির্মাণ কাজ শেষ না হতেই ড্রেন ভেঙ্গে পড়ায় এলাকার উত্সুক জনতা ওই স্থানে ভিড় জমায়। এ ব্যাপারে ওই প্রকল্পের ঠিকাদার আজাহার আলী বলেন, এটি কোন সরকারি প্রকল্পের কাজ নয়। স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে তার দেয়া অর্থায়নে ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ড্রেনটি ভেঙ্গে পড়েছে।