ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না: খাদ্যমন্ত্রী

আপডেট : ১৫ মে ২০১৯, ১৭:৫২

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, 'ধান সংগ্রহের ক্ষেত্রে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। মধ্যস্বত্ত্বভোগীরা যেন ফায়দা লুটতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।' বুধবার বগুড়া শহরের চকসুত্রাপুরের খাদ্যগুদামে জেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'সরাসরি প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান কিনতে হবে। প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সমন্বয় কমিটির মাধ্যমে ধান চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের হয়রানি করলে সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, 'বরাদ্দ একবারই হবে, স্পেশাল বরাদ্ধ দেওয়ার কোন সুযোগ নেই। মানসম্পন্ন চাল কেনা নিশ্চিত করতে হবে। সরকার কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে সংগ্রহ মূল্য ধার্য্য করেছে। চাষিদের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সংগ্রহ অভিযান শুরু হলে ধানের দাম আরও বাড়তে পারে।'

আরও পড়ুন:  শিগগিরই নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে তথ্যমন্ত্রীর আশ্বাস

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, 'এবার কেজি প্রতি চাল নেওয়া হবে ৩৬ টাকা, ধান ২৬ টাকা কেজি এবং আতপ চাল নেওয়া হবে ৩৫ টাকা কেজি দরে। জেলায় এবছর চাল সংগ্রহ করা হবে ৭৮ হাজার ৩৫৪ মেট্রিক টন। ধান সংগ্রহ করা হবে ৫ হাজার ৫৮৬ মেট্রিক টন। আতপ চাল সংগ্রহ করা হবে ৭ হাজার ৪৬ টন।'

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি