ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৮তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত

আপডেট : ১৫ মে ২০১৯, ১৭:৫৫

মোহাম্মদ আরজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

‘ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে

মর্তধূলির ঘাসে ঘাসে’—সমবেত কণ্ঠে এই গানটি গাওয়ার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১৫৮তম রবীন্দ্র  জন্মজয়ন্তী। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির  প্রশিক্ষণ কক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখা এই জন্মজয়ন্তীর আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মানবর্দ্ধন পাল।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বিশিষ্ট নারী নেত্রী নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমৃত লাল সাহা।

উদ্বোধনী গানের পর মাইনুর রহমান খান বাঁধন  রবীন্দ্রনাথের শেষ জন্মদিনে যে গানটি গীত হয়েছিল সেই গানটি পরিবেশন করেন। ডা. এষণা পালের গাওয়া ‘ওই যে ঝড়ের মেঘে’ ও ‘ওরে ঝড় নেমে আয়’ গান দুটি প্রকৃতির বাস্তবতার সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক অন্যরকম আবহের সৃষ্টি করে।

বিশ্বভারতীর স্নাতক অমিতা দেবনাথের ‘ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে’ ৩৮ বছর বয়সে নিজ জন্মদিনে রবি ঠাকুর রচিত এই গান রবীন্দ্রজয়ন্তীকে যেন নতুনমাত্রায় নিয়ে যায়। পূজা পর্বের এই গানটিতে শিল্পীর গায়কী নৈপুণ্যে নিবেদনের যে আকুতি ঝরে পড়ে তা দর্শক হূদয়ে বহুদিন থাকবে। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন ডা. অরুনেশ্বর পাল, চন্দনা চৌধুরী, একা বসাক ও শিশুশিল্পী প্রিয়ম আচার্য।

অনুষ্ঠানের এক পর্যায়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি রোকেয়া চৌধুরী কেয়া। তালবাদ্যে ছিলেন সুদীপ্ত সাহা মিঠু ও কি-বোর্ডে আবদুর রাহিম।

সার্বিক সহযোগিতায় ছিলেন মাসুদ উর রহমান ও জামিনুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি ডা. অরুণাভ।