রায়পুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৪০
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামে যৌতুক না পেয়ে গতকাল শুক্রবার রাতে কুলছুমা বেগম (১৯) নামে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। গৃহবধূর মা হত্যার অভিযোগ এনে স্বামীসহ ২ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দক্ষিণ গাইয়ার চর গ্রামের ছনু মিয়া হাওলাদারের মেয়ে কুলছুমার সাথে প্রায় দুই মাস আগে পার্শ্ববর্তী চরমোহনা গ্রামের আলী আহাম্মদের ছেলে মাসুদ হাসানের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেয়া হয়। সম্প্রতি মাসুদ বাবার বাড়ি থেকে আরও ৩০ হাজার টাকা এনে দেয়ার জন্য কুলছুমাকে চাপ দেয়। টাকা না পেয়ে কুলছুমাকে তার স্বামী ও পরিবারের লোকজন কয়েকবার মারধর করে। শুক্রবার রাতে কুলছুমাকে হত্যা করে পাশের গোয়াল ঘরের সাথে ওড়না পেছিয়ে ঝুঁলিয়ে রাখে। কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু কাপাসিয়া সংবাদদাতা জানান, উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রনির রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকাবাসীর ধারণা রনিকে হত্যা করে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। সদর ইউপি চেয়ারম্যান আজগর হোসেন জানান, শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে রনি তার স্ত্রীর সাথে ঘুমিয়ে থাকে। গতকাল সকালে বাড়ীর পাশে গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন রয়েছে। সে কয়েকদিন আগে বিয়ে করে। পুলিশ লাশ উদ্ধার করেছে।