বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখনো আশা করছি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ সরকার নেবে। নইলে সংঘাত অনিবার্য। আমরা মনে করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে যৌথ সভা শেষে সাংবাদিকদের ফখরুল একথা বলেন। সভায় রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন ও সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়। ফখরুল এই বৈঠকে সভাপতিত্ব করেন। এতে যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার বলছে, ২৫ অক্টোবরের পর নির্বাচনের ব্যবস্থা নেয়া হবে। তবে সংসদ থাকবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংসদ রেখে আরেকটি সংসদ নির্বাচনের ব্যবস্থা করার কোনো বিধান সংবিধানে নেই। ফলে সংবিধান বিশেষজ্ঞরাও বলতে পারছেন না, ২৫ অক্টোবরের পর দেশে কি হবে।
মির্জা ফখরুল বলেন, সৈয়দ আশরাফ সাহেব আগে সব সময় বলে এসেছেন, সব কিছু আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। শুক্রবার যা বলেছেন, তাতে মনে হচ্ছে তিনি মাঝে মধ্যে চাপের মধ্যে এমন কথা বলেন। আমরা এখনো আশা করি- সৈয়দ আশরাফ সাহেব পুরনো সময়ে সমঝোতার জন্য আলোচনার যে কথা বলেছেন, সে ব্যাপারে উদ্যোগ নেবেন। ২৫ অক্টোবরের পর সমঝোতা না হলে সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কার কথাও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন,পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে সংশোধন করে সরকার দেশকে অন্ধকার সুড়ঙ্গের দিকে ঠেলে দিয়েছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আমরা সরকারকে বলব, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই আহ্বান জানাচ্ছি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। নইলে আমরা আন্দোলনে যাবো।
