আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জেএমবি বা আন্তর্জাতিক জঙ্গিবাদি সংস্থা আল-কায়দা নয়—দেশে নতুন করে জঙ্গিবাদি সংস্থা দাঁড়াচ্ছে। তারা আমাকে, সাবেক এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। তাদেরকে আগে যারা সংগঠিত করেছিল এখনও তারা সহযোগিতা করে যাচ্ছে। জেলার দিরাই উপজেলার দিরাই উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিনের নামে আনন্দ-ফূর্তি করে আলোচনার পথ বন্ধ করে দিয়েছে বিএনপি। জামায়াত-শিবিরের পক্ষালম্বন করে বিএনপি স্বাধীনতা বিরোধী হিসেবে তাদের অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন, নির্ধারিত সময়ে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হবে। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। জার্মানিতে নািস যেমন ঘৃণিত, বাংলাদেশে জামায়াতে ইসলামী একইভাবে ঘৃণিত। একাত্তরের পটভূমিতে নয়, স্বাধীন বাংলাদেশেও জামায়াত সন্ত্রাসী ও অপরাধী সংগঠন হিসেবে নিজেদের বার বার প্রমাণ করেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উমেশ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মতিউর রহমান। বক্তব্য রাখেন—শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহীল আজাদ, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলতাব উদ্দিন, শিক্ষক মোজাফফর তালুকদার, শফিক মিয়া প্রমুখ।
