তিন বছরের শিশুকে পুলিশের সতর্কতা!

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৫৮
আইন লঙ্ঘনের ঘটনা অহরহ ঘটছে। ছোট শিশু নয়, বেশিরভাগ ক্ষেত্রে বয়স্করাই বেশি আইন লঙ্ঘন করে থাকে। তারা পার পেয়েও যায়; কিন্তু ইংল্যান্ডে সামান্য অপরাধে তিন বছরের এক শিশুকে সতর্ক করে দিয়েছে পুলিশ। খবর ইউপিআই ডটকমের। ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডে কেইডেন্স লিডবিটার এবং তার বান্ধবী ইসাবেল বাড়ির সামনে খেলাধুলা করছিল। খেলতে খেলতে তারা পাশের বাড়ির আঙ্গিনায় যায় এবং গাছের চারা মাড়ায়। আর এতেই মালিক ক্ষেপে যায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ পরে সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কেইডেন্সের বাড়িতে নোটিস পাঠায়। পুলিশ কর্মকর্তা অ্যালান ক্যামেরন বলেন, কেবল ওই শিশুটিকে উদ্দেশ করে নয়, অন্যান্য বাড়িতেও নোটিস পাঠানো হয়েছে। তিনি বলেন, এটা ঠিক যে শিশুরা বাইরে খেলতে ভালবাসে। তবে এখানে সেজন্য কিছু করা হয়নি। বরং প্রতিবেশির গাছের চারা পদদলিত করার অভিযোগ এসেছে। তবে কেইডেন্সের মা অভিযোগ করেছেন, আমাদের লক্ষ্য করেই এই নোটিস পাঠানো হয়েছে। কারণ অন্যান্য বাড়ির শিশুরা পার্কে বেড়াতে যায়। রাস্তায় কিংবা ঘরের বাইরে খেলে না। সাধারণত চুরি, ছিনতাইসহ নানা কারণে এধরনের নোটিস পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে।