প্রজন্ম আয়োজন

ইফতির ফ্রেমে বাঁধা পড়লেন ‘দ্য পেইন্টার’

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২০:১৪
আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী শাহাবুদ্দিনের বিভিন্ন ভঙ্গিমার ৪২টি স্থিরচিত্র নিয়ে ‘শাহাবুদ্দিন :দ্য পেইন্টার, দ্য ফাইটার’ শিরোনামে পোর্ট্রেট ফটোগ্রাফার ইফতেখার ওয়াহিদ ইফতির একক চিত্র প্রদর্শনী চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। এটি ইফতেখার ওয়াহিদ ইফতির ৫ম একক চিত্র প্রদর্শনী। এর আগে ২০০২ সালে ধানমন্ডির ভারতীয় হাই কমিশন গ্যালারিতে ও ২০০৬ সালে গুলশানের গ্যালারি ইনসোমনিয়ায় ক্রিয়েটিভ ফটোগ্রাফির উপর ইফতির একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ছাড়া ‘মাটি ও মানুষ’-খ্যাত সাংবাদিক শাইখ সিরাজকে নিয়েও বছরখানেক আগে একক প্রদর্শনীর আয়োজন করে ইফতি। মূলত পোর্ট্রেট ফটোগ্রাফার ইফতেখার ওয়াহিদ ইফতি এসব প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের খ্যাতিমান মানুষদের প্রতিকৃতি ও জীবনাচার ভিন্ন আঙ্গিকে সমাজের সামনে উপস্থাপনে প্রয়াসী। ক্যামেরার চোখ দিয়ে দেখে নানা ভঙ্গিমায় তোলা ছবিগুলোর মধ্য দিয়ে চেনা প্রতিষ্ঠিত মানুষটিই তখন হয়ে ওঠেন ভিন্ন একজন। এখানেই ইফতি অন্য আর সব ফটোগ্রাফার থেকে একেবারেই আলাদা। এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী শাহাবুদ্দিনের ৪২টি ছবি। এতে শিল্পীর পরিবার, কর্মরত সময়, ছুটির অবসরসহ নানা দিক ফুটে ওঠেছে। সবচেয়ে বড় কথা হলো, এই প্রদর্শনীর আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের উত্তর প্রজন্ম হিসেবে মুক্তিযোদ্ধা, শিল্পী শাহাবুদ্দিনের প্রতি পোর্ট্রেট ফটোগ্রাফার ইফতির এক ধরনের শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ ফুটে উঠেছে। এবার শিল্পী শাহাবুদ্দিন ঢাকায় অবস্থানকালেই ইফতি এই প্রদর্শনীর আয়োজনটি করতে পারছেন। উদ্বোধনী দিনে শিল্পী শাহাবুদ্দিন নিজে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ প্রদর্শনীর উদ্বোধনী করেছেন, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন বিষয়টি পোর্ট্রেট ফটোগ্রাফার ইফতির জন্য নিঃসন্দেহে বিরাট পাওয়া এবং প্রেরণা হয়ে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিকী, প্রফেসর সৈয়দ আবুল বারেক আলভি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এ ছাড়া প্রদর্শনী দেখতে আরও এসেছিলেন অনন্যা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক তাসমিমা হোসেন। নিজের কাজ সম্পর্কে ইফতি জানালেন, ‘বর্তমানে আমাদের দেশের আরেক দিকপাল সরদার ফজলুল করিমের উপর একক প্রদর্শনীর আয়োজনের কাজ করছি। ছবি গোছানো হয়ে গেছে। প্রয়োজনীয় স্পন্সর প্রাপ্তি সাপেক্ষে এ বছরের মধ্যেই এ আয়োজনটি সম্পন্ন করতে চাই।’ বড় ধরনের পরিকল্পনার কথা বলতে গিয়ে ইফতি জানান, ‘বিগত ১৫ বছর যাবত আমি প্রায় ৬০০ জন মনীষীর উপর পোর্ট্রেট ফটোগ্রাফি করেছি। এর মধ্য থেকে বাছাইকৃত ১০০ জনকে নিয়ে নিকট ভবিষ্যতে বড় ধরনের প্রদর্শনীর আয়োজনের ইচ্ছা রয়েছে।’ উল্লেখ্য প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত দশটা পর্যন্ত চলছে।