রাজশাহীতে কর্মরত কর কমিশনার আ.জা.মু. জিয়াউল হককে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে রবিবার নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। ‘কর দেব, ভ্যাট দেব, ঘুষ দেব না’ শ্লোগানে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে কর কমিশনারকে রাজশাহীতে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়। সকাল ১০টায় সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনের পর কর কমিশনার জিয়াউল হকের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়া হয়।
মানববন্ধনে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি ও সম্মিলিত ব্যবসায়ী সমাজসহ বিভিন্ন সংগঠনের কয়েকশ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, বিভাগীয় শহর রাজশাহীতে তেমন কোনো কল-কারখানার প্রসার ঘটেনি। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপর রাজশাহীর ব্যবসা-বাণিজ্য চলে। এই অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তারপর আবার মড়ার উপর খাঁড়ার ঘার মত বিভিন্ন ধরনের ভুতুরে করের বোঝা।
বক্তারা অভিযোগ করেন, রাজশাহীতে কর্মরত কর কমিশনার জিয়াউল হকের অপকর্মের সহযোগী তার দপ্তরের কতিপয় কর্মকর্তা। তিনি অতিরিক্ত কর কমিশনার হিসেবে চট্টগ্রামে কর্মরত থাকাকালে ব্যাপক দুর্নীতি ও ঘুষ কেলেংকারিতে জড়িয়ে চট্টগ্রামবাসীর রোষাণলে পড়ে রাজশাহীতে আসেন।
প্রসঙ্গত, ঘুষ দাবি ও হয়রানির অভিযোগে সমপ্রতি একজন চিকিত্সক রাজশাহীর কর কমিশনারসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। তবে কর কমিশনার ও অভিযুক্ত কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে মামলায় আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
