গার্মেন্টসের চুরি যাওয়া ২৭ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫৫
রাজধানীর উত্তরায় গার্মেন্টসের ৩৮ লাখ টাকা চুরি ঘটনায় এক মহিলাসহ দুইজনকে গতকাল গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করেছে প্রায় ২৭ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হচ্ছে অফিস পিয়ন জব্বারের ভাই মেহেবুল ওরফে বাবু ও তার মা আরিনা বেগম। গত ২৯ জুলাই উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের মীক নীট গার্মেন্টসে ৩৭ লাখ ৮৩ হাজার টাকা চুরি হয়। এ টাকা গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ও বেতনের জন্য ব্যাংক থেকে তোলা হয়েছিল। মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি মানস কুমার পোদ্দার জানান, অফিসের পিয়ন আব্দুল জব্বার ওরফে লিপু ও তার ভাই মেহেবুল ওরফে বাবু ঘটনার দিন গার্মেন্টেসের হিসাব রক্ষক বিভাগের কক্ষের আলমারীর তালা খুলে ৩৭ লাখ ৮৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সিলেটের কোম্পানীগঞ্জে পারুয়া বাজারের ডাকঘর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মেহেবুল ওরফে বাবু ও তার মা আরিনা বেগমকে। তাদের শয়ন কক্ষ তল্লাশি করে বালিশের মধ্যে থেকে উদ্ধার করা হয় ২৬ লাখ ৬৭ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জব্বার গার্মেন্টসের টাকা চুরি করে তাদের হাতে কিছু টাকা দিয়ে বাকি টাকা নিয়ে কিছুদিন আগে বাংলাদেশ হতে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছে। পুরো পরিবারের উদ্দেশ্য ছিল দেশ হতে পালানো।