বন্দরনগরী চট্টগ্রামের মুরাদপুর মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকে। এ মোড় থেকে টেম্পো সার্ভিস চকবাজার/ আন্দরকিল্লা হয়ে কোতোয়ালী মোড় এবং অন্য লাইনে চকবাজার/ চেরাগী পাহাড়/ আন্দরকিল্লা হয়ে আমতলা মার্কেট মোড় পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয়, কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, কোতোয়ালী ও আমতলা পর্যন্ত যাওয়ার নিয়ম থাকলেও টেম্পো চালকরা নিজেদের ইচ্ছেমাফিক শুধু চকবাজার পর্যন্ত চলাচল করে এবং পেট্রোলের মূল্য বৃদ্ধির অজুহাতে যাত্রীদের কাছ থেকে ভাড়াও বেশি আদায় করে থাকে। মাঝেমধ্যে হঠাত্ একটি/ দুটি আসে কোতোয়ালী মোড় পর্যন্ত যাবে বলে, তাও যাত্রীদের অনুরোধে, একটা টেম্পোতে ওঠার জন্য প্রতিযোগিতায় নামতে হয়। কার আগে কে উঠতে পারে? এভাবে প্রতিদিন ভোর থেকে রাত অবদি মুরাদপুরের এ মোড়ে যাত্রীগণ সীমাহীন হয়রানির শিকার হচ্ছে। বিশেষত মহিলা ও বৃদ্ধদের সীমাহীন কষ্ট পোহাতে হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও নির্দিষ্ট রুটে সহজে টেম্পোর দেখা মেলে না। অনেক চালক যাত্রীদের সঙ্গে অসৌজনমূলক আচরণ করে। অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ, জরুরিভিত্তিতে আগের মতো মুরাদপুর থেকে কোতোয়ালী মোড় ও আমতলা মার্কেট পর্যন্ত টেম্পো সার্ভিস নিয়মিত চালু রেখে যাত্রীদের দুর্ভোগ লাঘব করুন।
কাজী মুহাম্মদ রোকনুজ্জামান
কুলগাঁও, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম
