তাইন্দং বৌদ্ধ বিহারে হামলা

খাগড়াছড়িতে ভিক্ষুদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:০৫
জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকায় গত ৩ আগষ্ট বিভিন্ন পাহাড়ী গ্রামে জাতিগত হামলা, অগ্নিসংযোগ ও বৌদ্ধ বিহার ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে গতকাল রবিবার খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৌদ্ধ ভিক্ষু সংঘ। বিকাল তিনটায় জেলা শহরের শিবলি বৌদ্ধ বিহার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে মানববন্ধনে মিলিত হয়। এতে শতাধিক বিভিন্ন বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ ভিক্ষু ছাড়াও বিভিন্ন ধর্মবর্ণের মানুষ অংশ নেন। পার্বত্য ভিক্ষু সংঘ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নন্দপ্রিয় থের-এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিন বোধি ভিক্ষু, অগ্রজ্যোতি থের, মারমা উপজাতীয় নেতা কিরণ মারমা, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় প্রতিষ্ঠান সুরক্ষার ব্যবস্থাসহ বৌদ্ধ ভিক্ষুদের নিরাপত্তা বিধান এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ ৮ দফা দাবি জানানো হয়।