কুমিল্লা-আখাউড়া- ঢাকা রুটে কাল থেকে চলবে ডেমু ট্রেন

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:০৯
আগামীকাল মঙ্গলবার থেকে চালু হতে যাচ্ছে কুমিল্লা-আখাউড়া-ঢাকা রেলপথে আলোচিত ডেমু ট্রেন। ট্রেনটির নাম দেয়া হয়েছে কুমিল্লা কমিউটার। ট্রেনটি কুমিল্লা-ঢাকা রেলপথের ১৬টি স্টেশনে যাত্রা বিরতি করবে। এই রুটে চলাচলকারী ট্রেনটির দুটি জোড়া ইতিমধ্যে আখাউড়া আনা হয়েছে। এগুলো রাখা হয়েছে আখাউড়া লোকোসেডে। আগামীকাল সকালে আখাউড়ায় রেলপথমন্ত্রী মুজিবুর রহমান ডেমু ট্রেনটির উদ্বোধন করবেন। ডেমু ট্রেনটি কুমিল্লা থেকে ঢাকার পথে প্রতিদিন সকাল ৬টায় ছাড়বে। রুটের ১৬টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছবে বেলা ১১টা ৪৫ মিনিটে। আবার ঢাকা থেকে দুপুর ১টায় ছেড়ে কুমিল্লায় পৌঁছবে সন্ধ্যা ৭টা নাগাদ। মাঝে আধা ঘন্টা বিরতির পর আবার কুমিল্লা থেকে রাত সাড়ে ৭টায় ছাড়বে আখাউড়ায় পৌঁছবে রাত ৯টায়। রাতে আখাউড়ায় ট্রেনটির যান্ত্রিক পরীক্ষা ও জ্বালানি দেয়া হবে। ভোর সাড়ে চারটায় আখাউড়া থেকে ছেড়ে কুমিল্লা পৌঁছে সকাল ছয়টায় আবার ঢাকার পথে ছেড়ে আসবে। এ ট্রেনটি চালু হলে এই রুটের রেল যাত্রীদের দুর্ভোগ অনেকটা কমে আসবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।