একতরফা নির্বাচনে অংশ নেয়া অর্থহীন :এরশাদ

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:১১
আওয়ামী লীগ একতরফা নির্বাচনের আয়োজন করলে তাতে অংশ নেয়া অর্থহীন বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এ ধরনের একতরফা নির্বাচন হলে দেশে সহিংসতা বাড়বে। তাই আগামীতে এ ধরনের কোন নির্বাচনে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (এ)। রাজধানীর বনানীতে পার্টির (এ) চেয়ারম্যানের কার্যালয়ে গতকাল রবিবার দুপুরে এরশাদের সভাপতিত্বে দলের প্রেসিডিয়ামের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক সূত্রে জানা যায়, এরশাদ বলেছেন- আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে একতরফা নির্বাচন করতে পারে আওয়ামী লীগ। একতরফা নির্বাচন হলে দেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে। আর ওই একতরফা নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি এর দায় নিতে চায় না। তাই বিএনপি যদি নির্বাচনে না আসে, তাহলে তারাও অংশ নেবে না। তার এ বক্তব্যে প্রেসিডিয়াম সদস্যরা সমর্থন জানান। তবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে নিয়ে একটি মোর্চা গঠনের সম্ভাবনার বিষয়েও প্রেসিডিয়াম বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। প্রেসিডিয়ামের বৈঠকে এরশাদ আরো বলেন, মহাজোট এখনো আছে। আগামী নির্বাচনের আগে আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেবো—মহাজোটে থাকবো, নাকি অন্য কোন জোটে যাবো। আর আলাদা জোট অথবা একক নির্বাচনের বিষয়ে ভাবা হলেও সিদ্ধান্ত নেয়ার জন্য সময় ও ?সুযোগ রয়েছে। বৈঠকে এরশাদ মেয়াদ উত্তীর্ণ ১৯ জেলা ও ৩ মহানগর কমিটি অক্টোবরের মধ্যেই গঠনের তাগিদ দেন।