প্রধানমন্ত্রীর নির্বাচনে অংশ নেবে না বিএনপি :ফখরুল

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:২৮
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় এক জরুরি সাংবাদিক সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রীর নির্বাচনে যাবে না বিএনপি, দেশের মানুষও এ নির্বাচন মেনে নেবে না। ফখরুল বলেন, আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। এখনও সময় আছে সবার সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পদ্ধতি চালু করার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ফখরুল বলেন, উন্নয়নের ফিরিস্তি দিয়ে আগামীতে ক্ষমতায় আসা যাবে না। উন্নয়ন কতটুকু হয়েছে তা জনগণ বুঝতে পেরেছে। রাজনৈতিক সমস্যা সমাধান না করে উন্নয়নের ফিরিস্তি দিয়ে জনগণের মন জয় করা যায় না। তিনি বলেন, পদ্মাসেতু ও ব্যাংকিং ব্যবস্থায় দুর্নীতি, শেয়ারবাজার কেলেঙ্কারি ও ধসে সরকারের লোক জড়িত। তারপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বিদেশে শ্রমবাজার ক্রমাগত সঙ্কুচিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নিজেরা নিজেরা মারামারি করছে। তাদের টেন্ডারবাজিতে শিক্ষাপ্রতিষ্ঠান নরকে পরিণত হয়েছে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। অসংখ্য সরকারি কর্মকর্তার চাকরি চলে গেছে। ৭ শতাধিক কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। অনেককে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। দলীয় ছাড়া কাউকে চাকরি দেয়া হচ্ছে না। এছাড়া অর্থের বিনিময়েও চাকরি দেয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, পরিস্থিতি এমন যে মেয়ে মা-বাবাকে খুন করছে। সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার এখনো হয়নি। মানবাধিকার লঙ্ঘন করে রাজনৈতিক নেতাকর্মীরা যেভাবে গুম হচ্ছে তাতে আমরা আতঙ্কিত। দেশি পাটের জন্মরহস্য আবিষ্কারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সমস্ত সাফল্য নিজেদের করে নেয়া ঠিক হচ্ছে না। মূল বিষয় হচ্ছে রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হয়ে আসছে। এদিকে ‘বর্তমান সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বালু ঝড়ে উট পাখি যেমন মুখ লুকায় আওয়ামী লীগেরও এখন সেইরকম অবস্থা হয়েছে। পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ভরাডুবির পর তাদের এখন বেহুঁশদশা। এ নির্বাচনে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছে। সংসদের আগামী অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল এনে তা পাস করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, না হলে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে, এর দায় সরকারকেই নিতে হবে। গতকাল সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।