আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলের নির্বাচনী ইশতেহারে জ্বালানি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রাখার জন্য দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলেছেন, আমরা এ নিয়ে আর অন্ধকারে থাকতে চাই না। রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের ভিত্তিতে জ্বালানি সমস্যা সমাধান করতে হবে।
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘প্রাথমিক জ্বালানি: ২০২১ লক্ষ্যে পৌঁছানো বড় চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞরা এই আহ্বান জানান। ‘এনার্জি এন্ড পাওয়ার’ ম্যাগাজিনের দশম বর্ষপূতি উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, শিল্প উদ্যোক্তাদের বিকল্প জ্বালানি নিয়ে ভাবতে হবে। সকলকে গ্যাস বা ক্যাপটিভ পাওয়ার দেয়া যাবে না। তিনি বলেন, জ্বালানি খাতের অন্যতম সমস্যা প্রাথমিক জ্বালানি। এর থেকে উত্তরণে সরকার সব পদক্ষেপ নিয়েছে। দেশের খনিগুলোতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে পানি ব্যবস্থাপনার বিষয়টি খুবই জটিল। বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়েছে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে। তবে যতদিন দেশীয় কয়লা উত্তোলন না হচ্ছে ততদিন আমদানি কয়লা দিয়েই বিদ্যুত্ উত্পাদন করা হবে। আগামী শীত মৌসুমে অগভীর সাগরের ৩টি ব্ল¬কে তেল-গ্যাস অনুসন্ধান কাজ শুরু হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তামিম বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে জ্বালানি বিষয়ে স্পস্ট নির্দেশনা থাকতে হবে। তাদের ঐকমত্যের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে জ্বালানি সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, জ্বালানি খাতের অন্যতম সমস্যা প্রাথমিক জ্বালানি ও অর্থায়ন। গত ৪২ বছরে গ্যাস আবিষ্কার হয়েছে মাত্র ৩ দশমিক ৩৭ টিসিএফ। যা মোটেই সন্তোষজনক নয়। তেল-গ্যাস অনুসন্ধান কাজ আরো জোরদার করা দরকার। তিনি বলেন, কয়লার বিষয়ে দেশে বিশেষজ্ঞ নেই। বিদেশি বিশেষজ্ঞ দিয়ে সমীক্ষা করিয়ে কয়লার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে কয়লা বিষয়েও সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে।
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বিদ্যুত্ খাতে চরম সমন্বয়হীনতা রয়েছে। একই সঙ্গে উদ্যোগ ও নিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে। জ্বালানি খাতের সংকট নিরসনে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো দরকার। জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশে কয়লাই একমাত্র পথ বলে তিনি মন্তব্য করেন। ম্যাগাজিন সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার আব্দুস সালেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী ইমদাদুল হক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাবেক পরিচালক মকবুল-ই এলাহী প্রমুখ।
