বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০১৩ পরিপালনের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপণে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর সংশোধন করে ব্যাংক কোম্পানি আইন, ২০১৩ করা হয়েছে। যা এরই মধ্যে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। এখন সংশোধিত আইনের ধারা সম্পর্কিত নির্দেশনা ব্যাংকগুলোকে মেনে চলতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোর পরবর্তী পরিচালনা পরিষদের বৈঠকে এ আইন উপস্থাপন করার ব্যাপারেও নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোর এ নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে গত ১৪ জুলাই ব্যাংকের মূলধন ও রিজার্ভের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগে নিষেধাজ্ঞার বিধান রেখে ব্যাংক কোম্পানি আইন (সংশোধন) পাস হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি এবং সিকিউরিটিজ ও ব্যাংক কোম্পানি আইন লংঘনে ২০ লাখ টাকা জরিমানা, আর নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধ না করলে ৫০ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা আদায়ের বিধান রাখা হয়েছে সংশোধিত এ বিলে।
এদিকে অনুমোদিত নয়া বিলে ব্যাংক ব্যবস্থায় অধিকতর শৃংখলা ফিরিয়ে আনতে ব্যাংকে পরিচালকদের সংখ্যা ২০ জনে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। আর এ সংখ্যার মধ্যে চারজন স্বতন্ত্র পরিচালকের বিধান রাখা হয়েছে। যা আগে নির্দিষ্ট ছিলো না। এর আগে ১৯৯১ সালে প্রথম এ আইনটি করা হয়। ২০০৩ সালে সর্বশেষ তা সংশোধিত হয়।
জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএফএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এ আইন সংশোধনের জন্য সুপারিশ ছিলো। এছাড়া বিশ্বব্যাপি ব্যাংকের খাত নিয়ন্ত্রণে নেয়া ব্যাসেল প্রিন্সিপালের সাথেও সঙ্গতিপূর্ণ সংশোধিত আইনটি ।
