সেনবাগে অবাধে চলছে খাল দখল ও ভরাট

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:৩৯
নোয়াখালীর সেনবাগে সরকারি খাল দখল ও ভরাটের অঘোষিত উত্সব চলছে। উপজেলার ছাতাপাইয়া, কানকিরহাট, সেবারহাট, ছমিরমুন্সীরহাট ও কল্যান্দি রাস্তার মাথা এলাকায় এক শ্রেণির সুযোগসন্ধানী ব্যক্তি একের পর এক খাল দখল করে চলেছে। এর মধ্যে ছাতারপাইয়া পশ্চিম বাজারের বেইলি ব্রিজের নিচের পুরো খালই ভরাট করে ফেলেছে দখলদারেরা। এতে দীর্ঘ কয়েক যুগের পুরনো ছাতারপাইয়া-চৌমুহনী খালের পানি নিষ্কাশন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক ইত্তেফাককে বলেন, খালের অবৈধ দখলদারদের বিষয়েও খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া জেলা পরিষদ থেকে লিজ নিয়ে কেউ কেউ খালের মধ্যে দোকানপাট নির্মাণ করছে বলে ইউএনও শিকার করেন।