মাগুরায় সারা বছর চাষোপযোগী বারো মাসী লাউ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ লাউ চাষ করে ব্যাপকভাবে লাভবান হয়েছেন কৃষকরা। এ কারণে এ লাউ চাষের প্রতি আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের। প্রতিদিন বিপুল পরিমাণ লাউ ঢাকাসহ বিভিন্ন জেলায় চালান হচ্ছে। জানা গেছে, সদর উপজেলার শীবরামপুর, নড়িহাটি, বাটিকাডাঙ্গা, লক্ষকান্দর, রামনগর, হাজরাতলা, কালিনগর, বাকডাঙ্গা প্রভৃতি গ্রামে এ বারো মাসি লাউ চাষ হচ্ছে। কৃষকরা জানান, এ লাউ চাষ লাভজনক। বাজারে লাউয়ের ব্যাপক চাহিদা রয়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে। বিঘা প্রতি খরচ হয় ৫ হাজার টাকা। উত্পাদন হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকার লাউ। প্রতিটি লাউ ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে লাউ শীতকালের লাউয়ের চেয়ে গ্রীষ্মের এই সময়ে বাজারে এর মূল্য পাওয়া যায় বেশি।
কৃষি কর্মকর্তারা জানান, এ বছরই প্রথম ব্যাপকভাবে উন্নত বীজ দিয়ে সারা জেলায় ব্যাপকভাবে এ জাতের লাউ চাষ হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় বীজসহ সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে।
