বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের বড় জামুয়া গ্রামের কলা ব্যবসায়ী দুলাল শেখ (৩৮)মারপিটে নিহত হয়েছে। পুলিশ গতকাল সোমবার জিয়ানগর উপজেলার নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, অত্র গ্রামের মৃত আইয়ুব আলী শেখের পুত্র কলা ব্যবসায়ী দুলাল শেখ শনিবার ঢাকার উদ্দেশ্যে পার্শ্ববর্তী জিয়ানগর থেকে দোতলা লঞ্চে কলা নিয়ে উঠার চেষ্টা করে। এসময় টার্মিনালের কতিপয় লোকজনের সাথে তার বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে মারপিট করে নদীতে ফেলে দেয়া হয়। এসময় নদী থেকে অপর দু’জন সাঁতরিয়ে উঠতে সক্ষম হলেও মারপিটে গুরুতর আহত দুলাল শেখ ডুবে যায়। ঘটনার দু’দিন পর জিয়ানগর থানা পুলিশ তার ভাসমান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
