মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক অ্যাডভোকেট আদিলুর রহমান খানের গ্রেফতার ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ব্রিফিং-এ ডা. দীপু মনি অ্যাডভোকেট আদিলকে গ্রেফতারের কারণ, প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ তুলে ধরেন। কয়েকটি পশ্চিমা দেশের উদ্বেগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রী বলেন, কোন কোন কূটনীতিক আদিলের মামলায় আদালতে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেন বলে আমরা জেনেছি। এটা অপ্রয়োজনীয়, সরাসরি হস্তক্ষেপের ও বিচার প্রক্রিয়ায় বাধা দেয়ার সামিল। এ ধরনের অনধিকার চর্চা থেকে বিরত থেকে কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলতে হবে। এই বিষয়ে সুনির্দিষ্ট কোন জিজ্ঞাসা থাকলে সরকার বিদেশিদের অবশ্যই জবাব দেবে। পাশাপাশি আমরা মানবাধিকার কর্মী ও তাদের কর্মকাণ্ডে সব ধরনের শ্রদ্ধা জানাচ্ছি। তাদেরও জনজীবনে যাতে নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত না হয়, সেজন্য দায়িত্বশীল হতে হবে।
ডা. দীপু মনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী অভিযোগের ভিত্তিতেই আদিলকে গ্রেফতার করা হয়। ৫ মে মতিঝিলে হেফাজতের ধ্বংসযজ্ঞের ফলে ১১ জন প্রাণ হারায়। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দমনে ব্যবস্থা নেয়। অধিকার এই ঘটনায় অপপ্রচার চালায়। সরকার ৬১ জন হত্যার তথ্য চাইলে দেয়নি। অথচ অধিকার বিদেশি সংস্থাদের এসব মনগড়া ও মিথ্যা তথ্য প্রদান করে। যা খুবই দুর্ভাগ্যজনক। সরকার আদিলের মামলায় আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেবে। তাকে নির্যাতনের আশংকা অমূলক।
কয়েকজন বিদেশি কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রীকে রাতের আঁধারে আদিলকে গ্রেফতার নিয়ে প্রশ্ন তোলেন। তারা আদিলকে গ্রেফতার এড়িয়ে অন্য উপায়ে ব্যবস্থা নেয়া, ডিভিশন প্রদান করা হবে কীনা এসব প্রশ্ন তুললে পররাষ্ট্র মন্ত্রী বলেন, সব কিছুই আইন অনুযায়ী করা হয়েছে। ১/১১-এর সময়ে সাবেক প্রধানমন্ত্রীকে মধ্যরাতে গ্রেফতার করা হয়। তখন বিদেশি বন্ধুদের উদ্বেগ দেখিনি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে; কিন্তু অন্তর্বর্তী সরকার নিয়ে সংলাপের আলোচনা এখনো আছে। প্রধানমন্ত্রী তো বলেননি বিরোধী দলের সঙ্গে আলোচনার সুযোগ নেই।
প্রধানমন্ত্রী উদারভাবে আলোচনার প্রস্তাব দিয়েছেন; কিন্তু বিরোধী দল ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় সরকারকে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি জন্মদিনের উত্সব করে, তাও সেটা মিথ্যা জন্মদিন। বিরোধী দল বৈরী পরিবেশ সৃষ্টি করেছে।
পররাষ্ট্র মন্ত্রী পরে সাংবাদিকদের জানান, ব্রিফিং-এ বিদেশি কূটনীতিকরা সন্তুষ্ট হয়েছে। ব্রিফিং-এ পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রায় ৫০ জন বিদেশি কূটনীতিক ও মিশন প্রধান ব্রিফিং-এ উপস্থিত ছিলেন।
