মিসরে প্রিজনভ্যানের ভেতর পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপে কমপক্ষে ৪০ জন মুরসি সমর্থক নিহত হয়েছে। প্রিজন ভ্যানের ভিতর মুরসি সমর্থকরা একজন গার্ডকে জিম্মি করার চেষ্টা করলে পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভ্যানের ভেতরেই টিয়ারগ্যাস নিক্ষেপ করলে দমবন্ধ হয়ে তারা মারা যায়। খবর এপি ও সিএনএনের।
মিসরের নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, সম্প্রতি কায়রোর রামসে স্কয়ার এবং আশপাশ থেকে বিক্ষোভরত মুসলিম ব্রাদারহুডের অনেক সমর্থককে আটক করা হয়। তাছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুরসির আরো বহু সমর্থককে ধরা হয়। অভিযানে আটক ৬ শতাধিক বিক্ষোভকারীকে কয়েকটি প্রিজনভ্যানে করে উত্তরাঞ্চলের আবু জাবাল কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। এদের মধ্যে একটি প্রিজন ভ্যানে টিয়ারগ্যাস নিক্ষেপের এই ঘটনা ঘটে।
জানা গেছে, একটি প্রিজন ভ্যানের ভেতরে থাকা মুসলিম ব্রাদারহুডের কয়েকজন বন্দি কৌশলে একজন গার্ডকে বাইরে থেকে ভেতরে টেনে হিচড়ে নিয়ে যেতে সক্ষম হয়। এরপর তারা তাকে জিম্মি করে পালিয়ে যাবার পরিকল্পনা করে। জিম্মি অবস্থায় ওই গার্ডকে মারধর করে গুরুতর আহত করে বন্দিরা। তাকে মুক্ত করতে পুলিশ ভয়ভীতি দেখায়। কিন্তু বন্দিরা ওই গার্ডকে না ছেড়ে দিয়ে মারধর অব্যাহত রাখে। এক পর্যায়ে পুলিশ ওই গার্ডকে মুক্ত করতে ভ্যানের ভেতরেই কয়েক দফা টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে ভ্যানের ভেতরেই দমবন্ধ হয়ে নিহত হয় ৩৬ জন। তবে আহত গার্ডকে জীবিত উদ্ধার করা গেছে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
