২৬৭ কি.মি গতিতে গাড়ি চালালেন অন্ধ চালক!

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:৫৩
ইচ্ছা কিংবা চেষ্টা থাকলে যেসব সম্ভব তার প্রমাণ দিলেন যুক্তরাজ্যের স্কটল্যান্ডের এক নাগরিক। যিনি অন্ধ হয়েও মোটর সাইকেল চালনায় বিশ্ব রেকর্ড করেছেন। ২৬৭ কিলোমিটার গতিতে তিনি মোটর সাইকেল চালিয়ে এই রেকর্ড অর্জন করেন। খবর মেট্রোর। এডিনবার্গের বাসিন্দা স্টুয়ার্ট গান কেবল অন্ধই নন, ১১ বছর আগে এক দুর্ঘটনায় তার পিঠের পাজর ভেঙ্গে যায় এবং তার কাঁধ পক্ষাঘাতগ্রস্ত। তবে তার অন্ধত্ব এবং এই সমস্যা তাকে সফলতা থেকে দূরে রাখতে পারেনি। তবে তার পাশাপাশি তার বাবা গাড়ি চালিয়েছেন এবং ইন্টারকমের মাধ্যমে দুজনে যোগাযোগ স্থাপন করেছেন। সমপ্রতি ইয়র্কশায়ারে এক প্রতিযোগিতায় সফলতা পাওয়া স্টুয়ার্ট জানান, তিনি কয়েক বছর ধরে তার বাবার সঙ্গে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। আর বাবার সহায়তাই তাকে এতদূর নিয়ে এসেছে। ৩৯ বছর বয়সী স্টুয়ার্ট বলেন, এই সফলতার অর্থ হচ্ছে আপনি অন্ধ কিংবা প্রতিবন্ধী যাই হোন না কেন সেটি আপনার জীবনকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখতে পারে না। এর আগে ২৬২ কিলোমিটার গতিতে এলভিংটন নামের এক অন্ধ ব্যক্তি গাড়ি চালাতে সক্ষম হয়েছিলেন।