দৌলতদিয়ায় পশু বোঝাই ট্রলার ডুবি

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২১:৪২
গত সোমবার গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে পশু বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা মাঝিসহ পাঁচজনকে প্রায় আড়াই ঘন্টা পর ১০ কিলোমিটার ভাটিতে উদ্ধার করা হয়। এছাড়া ট্রলারে থাকা ৩৩টি গরু-মহিষের মধ্যে ২৩টি উদ্ধার হলেও বাকিগুলোর সন্ধান পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় মিতালী ট্রান্সপোর্ট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৯টি গরু ও ১৪টি মহিষ নিয়ে ট্রলারটি গত সোমবার সকাল সাতটার দিকে আরিচার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় বিশ মিনিট পর পদ্মা নদীর মাঝপথে পৌঁছামাত্র ঢেউ ও স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। সংবাদ পেয়ে ট্রান্সপোর্টের লোকজন ও ঘাটে থাকা অন্যরা প্রায় তিন ঘন্টা চেষ্টা করে ঘাট থেকে চার কিলোমিটার ভাটিতে উজানচর কর্নেশনা ও আরো প্রায় দশ কিলোমিটার ভাটি ফরিদপুরের কোতোয়ালীর গোলডাঙ্গির চর থেকে ১৬টি গরু ও ৭টি মহিষ উদ্ধার করে। একই সাথে স্থানীয় জেলেদের সাহায্যে গরুর রাখাল তছলিম বেপারী (৪৫), সেতাবুর রহমান (৩৫), ট্রলার মালিক ও চালক বাবর আলী (৪২), সহকারী ছোট ভাই লিটন বেপারী (৩০) এবং আলাল মালাকে (৩০) উদ্ধার করে। নিখোঁজ পশুর আনুমানিক মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ ও ট্রলারটির মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।